কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০১:৫৫
জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় হাসপাতালের নৈশপ্রহরীসহ নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরপর রাত থেকেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। সোমবার দিবাগত রাত ১১টায় সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নৈশ্যপ্রহরীর বোন-ভগ্নিপতি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে গার্মেন্টসে কাজ করতেন। কয়েকদিন আগে তারা নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। নৈশ্যপ্রহরী ও তার বোন-ভগ্নিপতির বাড়ি একই এলাকায়। পাশাপাশি অবস্থানের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নৈশ্যপ্রহরী ও তার বোন-ভগ্নিপতির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর সোমবার রাতে ভগ্নিপতি ও তার শরীরে করোনা উপস্থিতির রিপোর্ট এসেছে।
করোনা আক্রান্ত নৈশপ্রহরী হাসপাতালে জনবল সংকট থাকার কারণে কয়েকদিন ধরে ওয়ার্ড বয়ের দায়িত্বপালন করে আসছিলেন। ফলে সবাই তার সান্নিধ্যে আসায় জেলার সিভিল সার্জন ডা. সেলিম মিঞা রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেন।
এছাড়া করোনা শনাক্ত হওয়া অন্যদের মধ্যে ১৭ বছরের এক যুবক তাবলিগ জামাত থেকে এবং বাকিরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
এর আগে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আসা জেলার আটজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
- বিষয় :
- জয়পুরহাট
- করোনার প্রাদুর্ভাব