বরিশালে ক্লিনিকের লিফটের নিচ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
ডা. এম. এ আজাদ সজল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০২:২২
বরিশালে একটি ক্লিনিকের লিফটের নিচ থেকে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসক ডা. এম. এ আজাদ সজলের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর কালিবাড়ি সড়কে মমতা ক্লিনিকে লিফটের নিচে তার মরদেহ পাওয়া যায়।
সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
ডা. এম. এ আজাদ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। তিনি মমতা ক্লিনিক ভবনের ৭ম তলায় একটি ইউনিটে একা বাস করতেন।
মমতা ক্লিনিকের ব্রাদার মো. মিজান জানান, ডা. আজাদের পরিবার ঢাকায় থাকেন। তিনি ওই ভবনের ৭ম তলার একটি ফ্লোরে একা থাকতেন। তার মোবাইল সেটসহ ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী রুমের মধ্যেই রয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, সোমবার ইফতারের পর স্বজনদের সঙ্গে চিকিৎসকের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে তার নিখোঁজ থাকার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
- বিষয় :
- বরিশাল
- মরদেহ উদ্ধার