ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কষ্টে আছেন সিরাজগঞ্জের তাঁতশ্রমিকরা

কষ্টে আছেন সিরাজগঞ্জের তাঁতশ্রমিকরা
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৩:০৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৩:১২

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে কষ্টে আছেন সিরাজগঞ্জের প্রায় ৫ লাখ তাঁতশ্রমিক। প্রতিকূল অবস্থায় দিনাতিপাত করছেন বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, সদর ও কাজিপুরের এ পেশার সঙ্গে জড়িত ছোটবড় দু'লাখ তাঁতমালিকও। গত এক মাস ধরে তাঁতশিল্প বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন সবাই। 

জেলা ত্রাণ ও পুর্নবাসন দপ্তরের মাধ্যমে দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষজনের সঙ্গে তাঁতিদের কেউ কেউ ১০ কেজি করে চাল পেলেও সপ্তাহ পেরুতেই তা ফুরিয়ে গেছে। তাঁতিগোষ্ঠীকে আলাদাভাবে চিহ্নিত করে কোনো প্রণোদনা দেওয়ার ব্যবস্থা হয়নি। 

অবশ্য তাঁতশ্রমিকসহ শিল্পের সঙ্গে জড়িতদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিরাজগঞ্জের তাঁতিদের জন্য বিশেষ প্রণোদনা দাবি করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। চলমান করোনা পরিস্থিতি নিয়ে সোমবার সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনাফেরন্স অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়কালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধানমন্ত্রীকে বলেন, তাঁত শিল্প বন্ধ থাকায় সিরাজগঞ্জের প্রায় ৭ লাখ তাঁতশ্রমিক ও মালিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে জেলায় এ গোষ্ঠিকে আলাদা প্রণোদনা দেয়া হয়নি।  প্রধানমন্ত্রী তার কথা মনযোগ দিয়ে শুনলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, চলমান করোনায় জেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১ লাখ ৩৯ হাজার পরিবারকে ১৩৯৫ মেট্রিকটন চাল ও ৯০ লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, 'তাঁতিদের অন্য কর্মহীনদের সঙ্গে কিছু ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কাছে জেলা পরিষদ চেয়ারম্যান তাঁতিদের বিষয়টি উপস্থাপন করেছেন। আগামীতে এ বিষয়ে প্রতিক্রিয়া আসতে পারে।' 

আরও পড়ুন

×