ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পিরোজপুরে আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার মানুষ

পিরোজপুরে আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার মানুষ
×

পিরোজপুরে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৮:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরে দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। পিরোজপুর জেলায় চলছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। জেলার ৭১২টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

জেলার নদ-নদীর পানি ৩ থেকে সাড়ে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে ধান ও শাকসবজির ক্ষেত। 

জেলা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ৫ হাজার ২৭০ জন লোকের ধারণ ক্ষমতা রয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে রোজাদারদের জন্য ইফতার, নিরাপদ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, সামাজিক দূরত্ব, মাস্ক বিতরণ ও মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। 

রাতে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেরা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা সদরসহ ও জেলার ৭টি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

তিনি জানান, আশ্রয়কেন্দ্রে মানুষজনকে আনার জন্য পরিবহন ব্যবস্থা, বেড়িবাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। 

জেলা প্রশাসক আরও জানান, জেলায় ৬০টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, প্রশাসনের হাতে পর্যাপ্ত শুকনো খাদ্য ও নগদ অর্থ মজুদ রয়েছে। একইসঙ্গে ঘূর্নিঝড় মোকাবিলার জন্য রেডক্রিসেন্ট, সিপিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে। 

এদিকে, দুপুরের পর থেকে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।



আরও পড়ুন

×