নওগাঁয় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ মে ২০২০ | ০২:৩৪
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামের ভুট্টু আলী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে মহাদেবপুর উপজেলার রনাইল গ্রাম থেকে মজনু তার শ্বশুরবাড়ি নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটাস্থলেই নিহত হন মজনু ও ভুট্টু। একই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুকন্যা মারাত্মক আহত হয়। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহত শিশু জাকিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়েছে।