নোয়াখালীতে এক দিনে ৯৬ জনের করোনা শনাক্ত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০২:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি, ব্যাংকারসহ আরও ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে নোয়াখালী আব্দুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৭৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪১ জন, বেগমগঞ্জে ৩৪ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ৬ জন ও সেনবাগে ৭ জন রয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন নারী ও দুইজন পুরুষ চিকিৎসক, সোনাপুর পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ কর্মকর্তা-সদস্য একজন ইউপি চেয়ারম্যানসহ উপজেলায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি ও বাসস্থান লকডাউন করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২১ জন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৮০ শতাংশই চৌমুহনী বাজার এলাকার। আক্রান্তদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ব্যাংকার রয়েছেন। শনাক্ত হওয়া রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে বেগমগঞ্জ উপজেলায় করোনা শনাক্ত হলো ২৬০ জনের।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: রিয়াজ উদ্দিন জনান, গত ২৪ ঘণ্টার ব্যবধানে সোনাইমুড়ীতে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ জন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মো. তামজিদ হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুলিশ, শিক্ষার্থী, খিলপাড়া বড় মসজিরে ঈমাম ও ব্যবসায়ী রয়েছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ জন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য রয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জন।