নাটোরে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রুমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসলেশান ওয়ার্ডে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুমা বেগম নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জল হোসেনর স্ত্রী।
নাটোর হাসপাতাল সূত্রে জানা যায়, বাগাতিপাড়ার গৃহবধূ রমাকে শুক্রবার রাতে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এসময় গৃহবধূর গায়ে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে অপরাগতা প্রকাশ করেন। এ অবস্থায় রুমা বেগমকে নাটোর হাসপাতালের করোনা আইসলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়।
নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুর রহমান জানান, রোগীকে অক্সিজেন, নেবুলাইজারসহ অন্যান্য চিকিৎসা দেওয়াসহ সাধ্যমত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনসারুল হক করোনা উপসর্গ নিয়ে গৃহবধূ রুমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের নমুনাসহ তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই গৃহবধূকে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি তাদের বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।