বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের করোনা শনাক্ত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০২:৫৭
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ছাড়া সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা আতঙ্ক বিরাজ করছে হাসপাতালের কর্মরত স্টাফদের মধ্যে। হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকায় উপজেলার মানুষ স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, রোগীসহ কয়েকজনের নমুনা পাঠানো হয়েছিল। রোববার বিকেলে বালিয়াকান্দি উপজেলা এলাকার সাতজনের রিপোর্ট পজিটিভ আসে। যাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন রোগী রয়েছেন। এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে হাসপাতালে ভর্তি থাকা ১৪ জন রোগীর চিকিৎসা চলছে বিশেষ ব্যবস্থায়। এছাড়া করোনায় আক্রান্ত চিকিৎসকসহ চারজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার জানান, হাসপাতালে তিনিসহ চারজন ডাক্তার রয়েছেন। যাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত। ওই ডাক্তারের পরিবারের আরও দুজন সদস্যের করোনা পজিটিভ এসেছে। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী ভর্তি থাকাবস্থায় করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা পাঠানো হয়। তার রিপোর্টও পজিটিভ। এমতাবস্থায় হাসপাতালে সকলের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে। আক্রান্ত ডাক্তার ও রোগীর সংস্পর্শে যারা গিয়েছেন তাদের সবার নমুনা পাঠানো হয়েছে। নমুনা রিপোর্ট যদি সবার নেগেটিভ আসে তাহলে সেবা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১৪ জন রোগীর চিকিৎসা চলছে বিশেষ ব্যবস্থায়। তিনি নিজে এর তদারকি করছেন। সুস্থ করেই তাদের রিলিজ দেয়া হবে। আইসোলেশনে যারা আছেন তারা ভালো আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পাওয়ার চেষ্টা করছি। কারণ এভাবে হাসপাতালের কার্যক্রম চলতে থাকলে মানুষ ভোগান্তির শিকার হয়।