রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০৪:৪৪
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রকাশ্যে শহীদ শেখ (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে।
কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে তিনি খুন হয়েছেন বলে ধারণা পুলিশের। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন ফুফাতো ভাই মোজাহার শেখ। তাদের বহনকারী মোটরসাইকেলটি কাজীপাড়া এলাকার সেবা ইট ভাটার কাছে পৌছালে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দুর্বৃত্তরা তাদের কাছে এসে চলন্ত অবস্থায় গুলি করে। গুলিটি শহীদ শেখের চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তবে তার সঙ্গে থাকা মোজাহার শেখ অক্ষত আছেন। ঘটনাটি ঘটছে তার বাড়ির মাত্র দু’শ গজ দূরে।
শহীদ শেখের ভাই আব্দুস সালাম জানান, পাচুরিয়ার ভান্ডারিয়া বাজারে তার ভাইয়ের মুদি দোকান ছিল। সেটি বিক্রি করে তিনি ভুষিমাল, কাঠসহ বিভিন্ন ব্যবসা করতেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তিনি শোনেননি। কী কারণে তাকে দুর্বৃত্তরা হত্যা করলো তা তিনি বুঝতে পারছেন না।
তবে তার এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় একটি চরমপন্থী দলের নেতা মাঝে মধ্যেই শহীদ শেখকে মোবাইল ফোনে হুমকি দিত।
খানখানাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লাল জানান, সজ্জন লোক হিসেবেই পরিচিত ছিলেন শহীদ শেখ। তিনি খানখানাপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যও। সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। শহীদ শেখ সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানান তিনি। তিনিও বুঝতে পারছেন না কেন খুন হয়েছেন শহীদ শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিটি শহীদ শেখের চোখে লেগে পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। খুব কাছ থেকে গুলিটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিটি পাওয়া না যাওয়ায় বোঝা যাচ্ছে না হত্যাকাণ্ডে কী ধরণের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। শহীদ শেখের সঙ্গী মোজাহার শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা ও হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- রাজবাড়ী
- গুলি করে হত্যা