চট্টগ্রামে করোনা টিমের ফোকাল পারসন আক্রান্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ জুন ২০২০ | ০৪:৫০
চট্টগ্রামে করোনা রোগীদের প্রধান ডেডিকেটেড জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি করোনা টিমের ফোকাল পারসনের দায়িত্বে আছেন।
শনিবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি রোববার গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জামাল মোস্তফা জানান, ডা. আব্দুর রব মাসুমের করোনা শনাক্ত হয়েছে। ২৭ জুন তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ নিশ্চিত হওয়া যায়। তবে তার শরীরে বর্তমানে কোনও উপসর্গ নেই; তিনি পুরোপুরি সুস্থ আছেন। শনিবারও তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, করোনা শনাক্ত হওয়ার পর ডা. আব্দুর রব নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে চলে গেছেন। এর আগে ২৫ জুন করোনায় আক্রান্ত হন তার স্ত্রী ডা. ফিরোজা মেহের।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন ডা. আব্দুর রব। পাশাপাশি টেলিমেডিসিন সেবাসহ নানাভাবে চট্টগ্রামের মানুষদের সেবা দিয়ে সাড়া ফেলেন এই চিকিৎসক।
- বিষয় :
- চট্টগ্রাম