লোহাগড়া পৌরবাসীকে ১৪দিনের আইসোলেশনে থাকার নির্দেশ
ফাইল ছবি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৪:১১
রেড জোনের আওতাভূক্ত নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে ১৪ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার লোহাগড়া উপজেলা পরিষদের হল রুমে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে প্রতিরোধ ও করণীয় বিষয়ক এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
লোহাগড়া পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সভায় সিদ্ধান্ত হয় যে, ৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন পৌরসভার আওতাধীন ওষুধ ও সার- কীটনাশক দোকান ব্যতিত সকল দোকানপাট, হাট-বাজার বন্ধ থাকবে। তবে আগামী ১১, ১৪ ও ১৭ জুলাই সকাল ৭টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় পৌর এলাকার মধ্যে কোন ভ্যান, ইজিবাইক, থ্রি-হুইলার যানবাহন বন্ধ থাকবে। এ ব্যাপারে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে শহরে মাইকিং করা হয়েছে।
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা প্রসাশক মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, আওয়ামী লীগ নেতা মনজুরুল করিম মুন, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম, লক্ষীপাশা চৌরাস্তা বাজার বণিক সমিতির সম্পাদক বিএম লিয়াকত হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
- বিষয় :
- রেড জোন
- আইসোলেশন
- লকডাউন
- করোনাভাইরাস