ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করোনায় বগুড়ায় যুবকের মৃত্যু, শনাক্ত আরও ৭১

করোনায় বগুড়ায় যুবকের মৃত্যু, শনাক্ত আরও ৭১
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৭:০৭

করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় নিজাম উদ্দীন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শহরের জয়পুরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি জেলার মোকামতলায় প্রসাধনী সামগ্রীর ব্যবসা করতেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান বলে জানান হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.খায়রুল বাশার মমিন। এ দিকে জেলায় নতুন করে আরও ৭১ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এ তথ্য জানান।

নিজাম উদ্দীনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, তার ছেলের হৃদরোগের সমস্যা ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু তার আগেই করোনাআক্রান্ত হয়ে নিজামের মৃত্যু হলো।

ডা. খায়রুল বাশার মমিন জানান, মারা যাওয়া নিজাম উদ্দীন ২ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তিনদিন পর ৫ জুলাই ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি প্রচণ্ড জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটে ভর্তি হন। ভর্তির ২০ মিনিট পরেই তিনি মারা যান।

এদিকে বগুড়ায় নতুন করে আরও ৭১ ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ১ এপ্রিল থেকে বগুড়ায় এখন পর্যন্ত ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে মোট ৩ হাজার ৪৪৬ জন করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন এক হাজার ১৭৮ জন।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার মোট ৩৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ শিশুসহ ৭১ জনের করোনা রেজাল্ট পজিটিভ আসে।

তথ্য অনুযায়ী, শজিমেকে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৩৫টি পজিটিভ এবং টিএমএসএসের পিসিআর ল্যাবে ১৪৩টি নমুনায় পজিটিভ আসে ৩৬ জনের। আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ, ২১ জন নারী ও ২ শিশু রয়েছে।

আক্রান্তদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যা ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৬ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ২১ জন এবং বাকি ২ জনের বয়স ৭০ বছরের বেশি।

উপজেলাওয়ারী হিসাবে, সর্বোচ্চ ৪২ জনের বাড়ি বগুড়া সদর উপজেলা এলাকায়। অন্যান্য উপজেলার মধ্যে শেরপুর ১১ জন, গাবতলী ৭ জন, শিবগঞ্জ ৪ জন, সারিয়াকান্দি ৩ জন, শাজাহানপুর ২ জন, কাহালু ও সোনাতলা একজন করে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের  হাসপাতালে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন

×