ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রথম ১ জনের মৃত্যু, মোট শনাক্ত ২৯১

চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রথম ১ জনের মৃত্যু, মোট শনাক্ত ২৯১
×

শিবগঞ্জ( চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০১:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০২:০০

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মো. আতাউর রহমান (৫৪) নামে প্রথম এক ব্যক্তির মুত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত মো. আতাউর রহমান চাপাইনবাবগঞ্জ শহরের দাউদপুর এলাকার কাজি মজুরুদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের (বর্তমানে নেসকো) হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।    

হাসপাতাল সূত্র জানায়, মো. আতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেসকো চাঁপাইনবাবগঞ্জের প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, রোববার সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে আতাউর রহমানের মরদেহ নওগাঁ জেলার পোরশায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী ২৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২০ জন, চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন।

সিভিল সার্জন জানান. আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। আগামীত কোরবানীর ঈদে সংক্রমণের হার  আরও বাড়তে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সবাইকে সচেতন হয়ে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধও জানান সিভিল সার্জন।

আরও পড়ুন

×