শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৫:০৪ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০৫:৩৩
পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে দুইদিন বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল থেকে সীমিত পরিসরে চলছে ফেরি।
তীব্র স্রোতের কারণে শুক্রবার ও শনিবার দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
রোববার সকাল থেকে পাঁচটি ফেরি দিয়ে আটকে পড়া যানবাহন পারাপার শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে ধারণক্ষমতার চেয়ে অর্ধেক যানবাহন নিয়ে তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ফেরিগুলো।
এদিকে ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পরেছে ৪শ’ ছোট ও বড় যানবাহন। আর ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটের যাত্রীরা।
এ বিষয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, তীব্র স্রোতের কারণে গত দুইদিন যাবত ফেরি চলাচল বন্ধ ছিল। নৌরুট সচল রাখতে রোববার সকাল থেকে সীমিত পরিসরে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।