আশুগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৫:৪১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলের পানিতে ডুবে মো.মস্তুফা মিয়া নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির উত্তর পাশের বিলে এ দুর্ঘটনা ঘটে। মস্তুফা ওই গ্রামের বাসিন্দা ও পেট্রোবাংলা এলাকার ট্রাকচালক শাহ আলমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মস্তুফা বাড়ির পাশে বিলের পানিতে নামলে তলিয়ে যায়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.শরীফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়েই শিশুটির মরদেহ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।