চট্টগ্রামে বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৯:৪৩
চট্টগ্রামে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের একটি বাসা থেকে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে আনন্দ হেরিটেজ নামের একটি ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহকর্মীর নাম বৃষ্টি মুন্ডা (১৪)। সে ফটিকছড়ি উপজেলার ট্যোক বাড়িয়া গ্রামের শ্যামলাল মুন্ডার মেয়ে। ভবনটির তৃতীয় তলার বাসিন্দা পঙ্কজ দাশের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত বৃষ্টি।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল আলম ভূঁইয়া সমকালকে জানান, ওই বাসায় আরও একজন গৃহকর্মী রয়েছে। দুপুরে বাসায় সবাই বসে আম খাচ্ছিলেন। এ সময় সবার অলক্ষ্যে উঠে গিয়ে একটি রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন বৃষ্টি। বাসার লোকজন গোঙানির শব্দ পেয়ে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় খুলতে পারেননি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করেন। বৃষ্টি কী কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছেন না বাসার লোকজন।
তিনি আরও জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। প্রায় চার বছর ধরে ওই বাসায় কাজ করছিল বৃষ্টি। এটি আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা হলে কারণে বের করার চেষ্টা করা হচ্ছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- গৃহকর্মীর আত্মহত্যা
- চট্টগ্রাম