চট্টগ্রামে হাঙরের সাড়ে তিন হাজার লিটার তেল জব্দ, গ্রেপ্তার ৩
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১০:২৯
চট্টগ্রামে বিপন্ন প্রজাতির জলজ প্রাণি হাঙরের তিন হাজার ৬০০ লিটার তেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ভোরে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে মিনি ট্রাকে করে তেল পাচারের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল গ্রামের মো. রাশেদ, কুমিল্লার মুরাদনগর থানার সাতমোড়া গ্রামের মো. সাগর ও একই এলাকার কাজিয়াতল গ্রামের কাজী সোয়েল।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এসএসপি মাহমুদুল হাসান মামুন জানান, র্যাবের চেকপোস্ট দেখে একটি মিনি ট্রাক থেকে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে তিন হাজার ৬০০ লিটার হাঙরের তেল পাওয়া যায়।
তিনি আরও জানান, সমুদ্র থেকে হাঙর ধরে এনে হত্যার পর কক্সবাজারের কুতুবদিয়ায় সেগুলো প্রক্রিয়াজাত করে তেল বের করা হয়। পালিয়ে যাওয়া কাদেরের মাধ্যমে মূলত দেশের বিভিন্ন স্থানে এসব তেল পাচার করত তারা। হাঙরের তেল খাবারের উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। বিপন্ন প্রজাতির প্রাণি ধরা, হত্যা ও বিক্রির অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- হাঙরের তেল জব্দ
- চট্টগ্রাম