ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
ফরিদপুর অফিস
প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ০৫:৪৪
ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই বৃদ্ধার স্বামী আগেই মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে। তিনি ফরিদপুরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ী সড়ক এলাকার বাসিন্দা।
বৃদ্ধার ছেলে জানান, গত শুক্রবার সকালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তার মা ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। রোববার তার নমুনা নেওয়া হয়। পরে সোমবার সকাল ১০টার দিকে মারা যান তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা জানান, স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকেলে ওই বৃদ্ধার মৃতদেহ দাফন করা হয়েছে।