ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাড়ি না থামিয়ে টোল নিচ্ছে পদ্মা সেতু

গাড়ি না থামিয়ে টোল নিচ্ছে পদ্মা সেতু
×

.

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪৪

পদ্মা সেতুতে গতকাল সোমবার টোল আদায়ে বসানো হয়েছে ইলেকট্রনিকস টোল কালেকশন (ইটিসি) বুথ। এর মাধ্যমে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হচ্ছে। সেতুর দুই প্রান্তে প্রথম পর্যায়ে দুটি গেটে বসানো হয়েছে ইটিসি বুথ। আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই প্রান্তের অন্য ১২টি গেটেও স্বয়ংক্রিয় এ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।

শরীয়তপুরের বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রায়ই ঢাকায় যাতায়াত করি। আগে টোল দেওয়ার সময় গাড়ি থামিয়ে দীর্ঘ লাইন ধরতে হতো। অনেক সময় নষ্ট হতো। গাড়ি না থেমে গতকাল বিকেলে টোল দিয়েছি।’

খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা কাজী মাসুদ বলেন, ‘টোল প্লাজায় ভিড়ের কারণে অনেক সময় দেরি করে গন্তব্যে পৌঁছতে হতো। এখন গাড়ি চলন্ত অবস্থায় টোল কেটে নিয়েছে।’
সার্বিক পরিবহনের গাড়িচালক দীন ইসলাম বলেন, ‘খুব আরামদায়ক। টাকা বের করতে হলো না। সময় লাগল না। সহজে দ্রুত চলে এলাম।’
প্রাইভেটকার চালক মিজানুর রহমান জানান, আগে সময় লাগত। অনেক সময় গাড়ি সিরিয়াল ধরে থাকতে হতো। টাকা ভাঙতিরও কোনো কাজ নাই। সময় বাঁচল।
পদ্মা সেতুর (টোল ব্যবস্থাপনা দায়িত্বে থাকা) সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস জানান, গতকাল দুপুর ২টা থেকে ইটিসির মাধ্যমে টোল আদায় শুরু হয়েছে। ফলে টোল প্লাজায় থামানো ছাড়াই গাড়িগুলো নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে সেতু পার হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (কারিগরি) কাজী মোহাম্মাদ ফেরদৌস জানান, পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় ৭টি করে মোট ১৪টি গেট রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে দুই প্রান্তে দুটি গেটে ইটিসি বুথ চালু হয়েছে। এর ভেতর দিয়ে একটি গাড়ি তিন সেকেন্ডে টোল দিয়ে সেতু পার হয়ে যাচ্ছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধের জন্য যানবাহনের উইন্ডশিল্ডে বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড লাগাতে হবে। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এ প্রিপেইড কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেবে ইটিসি বুথ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে এই ইটিসি সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এই সেবা ব্যবহার করতে হলে গাড়ি মালিকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের ডি-টোল অপশনে নিবন্ধন করে অ্যাকাউন্ট রিচার্জ করতে হবে। নতুন ব্যবহারকারীদের জন্য সেতুর আরএফআইডি বুথে যেতে হবে। আরএফআইডি ট্যাগ যাচাই এবং নিবন্ধন সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধিত হলে গাড়িগুলো ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন দিয়ে চলে যেতে পারবে। স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে।
টোল কালেক্টর শিমুল চৌধুরী বলেন, নির্ধারিত ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে। আগে একটি গাড়ি থেকে টোল আদায় করতে হলে ১০/১৫ সেকেন্ড সময় লাগত। এখন কোনো সময় লাগে না।
 

আরও পড়ুন

×