গাজীপুর পুলিশ সুপারের অভিযোগ
শিশু ধর্ষণ মামলা ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়। ছবি-সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ২৩:১৯
গাজীপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলাটি ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক। তিনি বলেন, শিশুটির মা এজাহার দায়েরের পরপরই মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবুও একটা মহল ফেসবুকে নানা উস্কানিমূলক অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছেন।
বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণ ও অপহরণের ঘটনায় দায়ের করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক চলছে। একটি মহল ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালিয়ে মামলাটিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে-এটা অনভিপ্রেত ও অনৈতিক। যাচাই বাছাই ছাড়া ফেসবুকের কোনো পোস্ট বা মন্তব্য যেনো তদন্তে বাধা সৃষ্টি না করে। আদালত, ভুক্তভোগী পরিবার ও পুলিশের প্রতি মানুষের আস্থা বজায় রাখা এখন সবচেয়ে জরুরী বলে জানান তিনি।
অভিযুক্তদেরকে মামলা থেকে রক্ষা করা বা মামলায় গুরুত্ব না দেওয়া এ জাতীয় যে সকল অভিযোগ উত্থাপন করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।
- বিষয় :
- পুলিশ সুপার
- গাজীপুর
