নাতির লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদা
প্রতীকী ছবি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৩:০০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের খাগালিয়া গ্রামে বায়জিদ (৯) নামে এক শিশুর লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার দাদা কফিল উদ্দিন (৭০)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বিকেলে শিশু বায়জিদ নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোজঁ করেও তার সন্ধান পায়নি। সোমবার দুপুরে খাগালিয়া গ্রামের বৌ-বাজার এলাকায় বেমালিয়া নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শিশু বায়জিদের দাদা লাশটি উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, নিখোঁজের একদিন পর পানি থেকে বায়জিদের লাশ উদ্ধার করা হয়। আর এ লাশ দেখে তার দাদা ও ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কফিল উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুর হক বলেন, ঘটনাটি আমি শুনেছি। বায়জিদ নামে এক শিশু রোববার থেকে নিখোঁজ ছিল। সোমবার তার লাশ দেখে দাদা কফিল উদ্দিনও মারা যান।
- বিষয় :
- লাশ উদ্ধার
- চট্টগ্রাম
- ব্রাহ্মণবাড়িয়া
- নাসিরনগর