ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

অতিরিক্ত ভাড়া ঠেকাতে অভিযান

সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক লাঞ্ছিত

সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক লাঞ্ছিত
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৭:১১

সিরাজগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পরিবহন শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। সোমবার সকালে শহরের নিউ ঢাকা রোডে ভোক্তা অধিকার আইনে অভিযানের সময় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও পরিবহন খাতের লোকজন সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে ও পরিবহন নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী এসআই, ওভি, ঢাকা লাইন, ইউনিকসহ বেশ কয়েকটি পরিবহন যাত্রীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে- এমন অভিযোগে সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে দলের সদস্যরা অভিযানকালে প্রথমে এসআই বাস সার্ভিস কাউন্টারে প্রবেশ করেন। এ সময় পরিবহন শ্রমিকরা কাউন্টারের শাটার নামিয়ে সহকারী পরিচালককে অবরুদ্ধ করেন। একপর্যায়ে তাকে গালাগাল, অশোভন আচরণ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এ ব্যাপারে মাহমুদ হাসান রনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। কাউন্টার মালিক কর্তৃপক্ষ ও শ্রমিক নেতারা উপযুক্ত বিচার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. তোফাজ্জল হোসেন বলেন, ঈদের পর জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হওয়ায় পরিবহন খাতের লোকজন বিক্ষুব্ধ হয়ে আছেন।
এ ব্যাপারে জানতে এসআই বাস কাউন্টার সার্ভিসের মালিকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান বলেন, এটি ভুল বোঝাবুঝির ঘটনা। পরে মীমাংসা হয়েছে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন দুপুর পর্যন্ত থানায় অভিযোগ দেননি।

আরও পড়ুন

×