গাজীপুরে সাবেক মন্ত্রীর হাসপাতালসহ দুটিতে ১১ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৭:৫২ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ০৮:৫০
নানা অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি দিয়ে হাসপাতাল পরিচালনার দায়ে গাজীপুরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মহানগরের চান্দনা এলাকার সেবা জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ মালামাল ও অব্যবস্থাপনার দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স ও র্যাবের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
গাজীপুর মহানগরের আউটপাড়া এলাকায় প্রতিষ্ঠিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালটি গত ৬ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। এ হাসপাতালটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন প্রতিষ্ঠান। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্সবিহীন হাসপাতালগুলো লাইসেন্স নিতে ব্যর্থ হলে বন্ধ করে দেওয়া হবে। কোনোভাবেই স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া, গাজীপুর র্যাব ক্যাম্পের ইনচার্জ আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা অংশ নেন।
- বিষয় :
- গাজীপুর
- ভ্রাম্যমাণ আদালত