নোয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, শনাক্ত আরও ১০০
প্রতীকী ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৪:১৫
নোয়াখালীতে নতুন করে অরও ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। এদের মধ্যে কোম্পানীগঞ্জে ২৬ জন, কবিরহাটে ২২ জন, সদর উপজেলায় ১৭ জন, সুবর্নচরে ৬ জন, হাতিয়ায় ৬ জন, বেগমগঞ্জে ৮ জন, চাটখিলে ২ জন ও সেনবাগে ৬ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৭৬ জনে দাঁড়াল। মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
এদিকে জেলার কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছায়েদুল হক (৬১) নামের এক ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামে।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ জানান, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় নতুন করে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, উপজেলা নির্বাচন কার্যালয়ের একজন কর্মচারী ও ১১ বছর বয়সী এক শিশু রয়েছে।
এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে ছায়েদুল হক নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি বেশ কয়েকদিন ধরে জ¦র ও শ্বাসকষ্টে ভোগার পর রোববার হাসপাতালে এসে পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। সোমবার বিকেলে উপজেলার বাটইয়া ইউনিয়নের কাচারিরহাট এলাকায় উনার মেয়ের বাড়িতে মারা যান তিনি। দুপুরে একরামুল উম্মাহ ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে। ওইদিন বিকালে আসা রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, ২৪ ঘন্টায় এ উপজেলা আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফার (ভারপ্রাপ্ত) রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৭৬ জনের। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫১৮, আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮৮ জন ও মারা গেছেন ৭০ জন। করোনা সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে বাড়ি ভিত্তিক লকডাউন শুরু করা হয়েছে।