সাভারে বিদ্যুতের খুঁটির সঙ্গে ট্রলারের ধাক্কা, দুই লাশ উদ্ধার
লাশ উদ্ধারে তৎপরতা- সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৭:৩৩
ঢাকার সাভারে একটি ট্রলারের সাথে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগায় পানিতে লাফিয়ে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নিখোঁজের ১৬ ঘন্টা পর সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- বনগাঁওয়ের বেড়াইদ গ্রামের মফিজুদ্দিনের ছেলে সুমন (২০) ও একই এলাকার আতাবুল্লার ছেলে সুমন (২২)।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বন্ধুরা মিলে তুরাগ নদীতে বনভোজন আয়োজনের কথা ছিল। এ জন্য সোমবার বিকেলে ৬ বন্ধু বনভোজনের স্থান দেখতে যান। ফেরার সময় হঠাৎ তাদের বহনকারী ট্রলারটি একটি বৈদ্যুতিক খুঁটির সজোরে ধাক্কা লাগে। এসময় আতঙ্কে জীবন বাঁচাতে ৬ বন্ধু নদীতে ঝাপ দেন। কিন্তু অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও দুই যুবক নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবরিদল ঘটনাস্থলে পৌছে মঙ্গলবার সকাল ৭ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুঁজির পর সকাল ৮ টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে সুমনের (২০) লাশ উদ্ধার করা হয়। এরপর সকাল পৌনে ৯টার দিকে সুমন (২২) নামের আরেকজনের মৃতদেহ উদ্ধার হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার মো. প্রিন্স জানান, দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।