ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে ক্যাবের প্রতিবাদ মিছিল

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অভিযান জোরদারের দাবি

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অভিযান জোরদারের দাবি
×

নগরীর রেয়াজউদ্দীন বাজারের তিনপুলের মাথা থেকে ক্যাবের প্রতিবাদ মিছিল ও বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু হয়। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩১

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে এবং ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে ব্যবসায়ীদের বাধাদানের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মিছিলে সংগঠনটির নেতারা দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার অভিযান জোরদারের দাবি জানান। 

আজ রোববার দুপুরে নগরীর রেয়াজউদ্দীন বাজারের তিনপুলের মাথা থেকে এ প্রতিবাদ মিছিল ও বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। 

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান (এমপি) বলেন, ‘পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ন্যায্যতার শিক্ষার মাস হলেও কিছু অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে বাজারে অতিমুনাফা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ভোক্তাদের জীবন জীবিকা দুর্বীসহ করে তুলছেন। বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে এবং মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে বাধা প্রদানের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালনে বাধা দেওয়া ভোক্তার অধিকারকে অস্বীকার করার শামিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এস এম নাজের হোসাইন আরও বলেন, ‘রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। বাজারে কার্যকর তদারকি, স্বচ্ছ মূল্যতালিকা প্রদর্শন, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া ভোক্তা সুরক্ষা সম্ভব নয়। ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে বাধা প্রদানের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং আইনের শাসনের পরিপন্থি। ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগে কোনো ধরনের আপোশ করা যাবে না।’

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, চান্দগাও থানা সভাপতি মো. জানে আলম, পাচলাইশ থানা সভাপতি সায়মা হক, উত্তর জেলা নেত্রী লায়লা ইয়াছমিন, রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি সাধারণ সম্পাতক আব্দুস শুক্কুর, আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী প্রমুখ।

আরও পড়ুন

×