ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত তিন বন্ধু

মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত তিন বন্ধু
×

প্রতীকী ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম)) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ২১:৩৪ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ২১:৫৫

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চা শ্রমিক জুগেষ উডাংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উডাংয়ের ছেলে নয়ন উড়াং (১৬), তপন উডাংয়ের ছেলে তপু কর্মকার (১৬)। তারা সকলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল রাঙ্গাপানি গ্রামের বাসিন্দা ও বন্ধু।

নিহত উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং জানান, ‘লেখাপড়ার পাশাপাশি তারা কলেজ বন্ধের কারণে রাজমিস্ত্রির যোগালী হিসেবে কাজ করত। কাজ শেষে ফেরার পথে আজ লাশ হয়ে গেল।’ 

নিহত নয়ন উডাংয়ের মামা রুপম উড়ং বলেন, ‘নিহত তিনজনই বন্ধু। তারা নাজিরহাট বারৈয়ারহাটে রাজমিস্ত্রির কাজ করতে আসছিল। সেখান থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শী মিনহাজ উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি মানিকছড়ি থেকে চট্টগ্রামের বোয়ালখালি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। আর মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে। 

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মুমূর্ষুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে দু’জনের মৃত্যু ঘটেছে বলে জানতে পেরেছি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিহত একজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন

×