নির্মাণকাজ তদারকি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ভবন মালিকের মৃত্যু, দগ্ধ ২
স্বজনদের আহাজারি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৪:১৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তাঁর ছেলে ও এক নির্মাণকর্মী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরফান মোল্লা (৫৫) গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন– তাঁর ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)।
জানা গেছে, দীর্ঘদিনের সঞ্চয় আর কষ্টার্জিত টাকায় নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করছিলেন আরফান মোল্লা। গতকাল বিকেলে নির্মাণাধীন ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর কাজ চলছিল। বাড়ির মালিক হিসেবে কাজের তদারকি করতে ছাদে উপস্থিত ছিলেন তিনি। তাঁর পাশে ছিলেন ছেলে লিয়ন মোল্লা এবং কাজ করছিলেন মিস্ত্রি সাদিকুর রহমান। লম্বা স্টিলের পাইপ ছাদের ওপর তোলার সময় পাশে থাকা উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে লাগে। মুহূর্তেই বিকট শব্দে বিদ্যুতের ঝলকানি দেখা দেয়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরফান মোল্লা। একই সময় পাশে থাকা তাঁর ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান দগ্ধ হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। ঘটনাস্থলেই প্রাণ হারান আরফান মোল্লা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- বিদ্যুৎস্পৃষ্ট
- নিহত
