ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাতক্ষীরায় দুই নদী রক্ষায় টিআরএম দাবি

সাতক্ষীরায় দুই নদী রক্ষায় টিআরএম দাবি
×

টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আয়োজিত মানববন্ধনের একাংশ। শনিবার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সাতক্ষীরা-আশাশুনি সড়কে সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত সময়ের মধ্যে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ কর্মসূচি পালিত হয়। 

সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটি আয়োজিত কর্মসূচিতে বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (এসআরবিএম) 
বাস্তবায়নের অংশ হিসেবে নদী দুটিতে টিআরএম বাস্তবায়নের দাবি তোলেন। তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় নদী খননের পরও বেতনা ও মরিচ্চাপ নদী নাব্য হারিয়ে প্রায় মৃতপ্রায়। নদী ভরাট হয়ে  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ সংকট দিন দিন তীব্র হচ্ছে। 
এ সংকট থেকে উত্তরণে টিআরএম বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তারা আরও বলেন, এটি বাস্তবায়ন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, পলি ব্যবস্থাপনা সহজ হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

কর্মসূচিতে যে তিন দফা দাবি জানানো হয়, সেগুলো হলো– বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন, পোল্ডারের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আবদ্ধ নদীগুলো উন্মুক্ত করে ইছামতী, মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে 
সংযোগ স্থাপন এবং নদী ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সব কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জোরদার।
সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সদস্য আব্দুস ছামাদ, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×