ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ

৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ
×

মোংলা সরকারি কলেজগেট চত্বরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে মানববন্ধন করা হয়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৫২

বাগেরহাটের মোংলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোংলা সরকারি কলেজগেট চত্বরে পৃথক ব্যানারে সাধারণ শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে শত শত স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মী অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নূর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঈমান হোসেন রিপন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, বিল্লাল হোসেন, মহাসিন ভূঁইয়া, রতন মাহমুদ ও মামুন পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সম্পাদক শামীম হাসান, ছাত্রদল নেতা সাকিব মাহমুদ, মুন্না প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গত রোববার ভোরে বিষপান করা এক রোগীকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে স্বজনের অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, রোগীকে যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্ব অবহেলা করা হয়েছে। পরে ঘটনা ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল নেতা সজীব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিকসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইতোমধ্যে শান্ত ও মানিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুর্নীতির আখড়া হিসেবে অভিহিত করে বলেন, সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ব্যবহার ও হয়রানির শিকার হচ্ছেন। কিছু মেডিকেল অফিসার ও উপসহকারী মেডিকেল অফিসারের বিরুদ্ধে বছরের পর বছর একই কর্মস্থলে থেকে ব্যক্তিগত ক্লিনিকে রোগী দেখা এবং নিম্নমানের চিকিৎসা দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব অনিয়মের প্রতিবাদ করলেই উল্টো মামলা-হামলার শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় মোংলায় আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় এই মামলাটি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও চিকিৎসাসেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

 

আরও পড়ুন

×