মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেফতার ৪
গ্রেফতার (বায়ে থেকে) নিজাম, পারভেজ, ইমরান ও কবির
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২০ | ০১:১৯ | আপডেট: ২২ আগস্ট ২০২০ | ০২:২৬
ফেনীর ছাগলনাইয়ায় অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে বাজারে যাওয়ার পথে এক নারীকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইমরান হোসেন (১৯), করিম (২০), একরাম হোসেন পারভেজ(১৯) ও নিজাম (১৯) নামে ৪ যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের উওর মন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ৪ জনকে আভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ওই নারী তার বাবা-মার সঙ্গে বসবাস করতেন। শুক্রবার বিকালে ১ সন্তানের জননী (৩০) তার মায়ের ওষুধ কিনতে পাশের দারোগা হাট বাজারে যাচ্ছিলেন। পথে স্থানীয় লোকমানের গাছ বাগান পার হওয়ার সময় অভিযুক্তরা ওই নারীকে ধরে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় থানায় বা কোথায়ও অভিযোগ দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর ঘটনাটি পুলিশ জানতে পেরে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ছাগলনাইয়া থানার ওসি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাত ১১টায় ভিকটিম ৪ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। সেই মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
