ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্ষণচেষ্টার মামলা করায় ছাত্রীর বাড়িতে হামলা

ধর্ষণচেষ্টার মামলা করায় ছাত্রীর বাড়িতে হামলা
×

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ২২:৩৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ২২:৫২

মাদ্রাসাছাত্রী (১৪) মেয়েকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন বাবা। এতে বিবাদী করা হয়েছিল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক মাদ্রাসা সুপারকে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই মাদ্রাসা সুপার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভাড়াটে লোকজন দিয়ে করিয়েছেন প্রতিবাদ সমাবেশ। সেখান থেকে বাদীর বাড়িতে হামলা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই হামলা ও ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার চরজব্বর থানায় আরেকটি অভিযোগ দিয়েছেন। পুলিশ রাতেই একজনকে গ্রেপ্তার করেছে। 

ভুক্তভোগীর স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি চর জুবলী ইউনিয়নের একটি মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের আবাসিক ছাত্রী। গত ৫ ফেব্রুয়ারি তাকে দেখতে মাদ্রাসায় যান দাদি। মাদ্রাসাটির সুপার মাওলানা মো. আবুল খায়ের তখন তাকে জানান, তার নাতনির কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাকে ঝাড়ফুঁক দিতে হবে। এ জন্য দাদিকে সরিষার তেল আনতে দোকানে পাঠিয়ে মেয়েটিকে ক্লাস থেকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান মাদ্রাসা সুপার।

পরে দাদিকে ঘটনার বিস্তারিত জানায় ওই কিশোরী। তখন পরিবারের সদস্যরা চর জুবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিনের কাছে বিচার দেয়। তিনি দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। অবশেষে বৃহস্পতিবার মেয়েটির বাবা মাদ্রাসা সুপারকে আসামি করে চর জব্বর থানায় লিখিত অভিযোগ দেন।

এলাকাবাসী জানায়, পুলিশ সদস্যরা তদন্ত করে এলাকাছাড়ার পর মাদ্রাসা সুপারের পক্ষের কিছু লোক সেখানে ‘৯ নম্বর সমাজের তৌহিদি জনতা’ ব্যানারে মানববন্ধন করে। সেখান থেকে শতাধিক ব্যক্তি অতর্কিতে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাড়ির সদস্যদের মারধর করা হয়। 

শনিবার এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একদল লোক ওই ছাত্রীর বাড়িতে হামলা করছে। এ সময় পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন। হামলাকারীরা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে থানায় দেওয়া অভিযোগ তুলে নিতে ওই বাড়ির লোকজনকে হুমকি দিতেও শোনা যায়। হামলার ঘটনায় মেয়েটির মা শনিবার চরজব্বর থানায় লিখিত অভিযোগ দেন। 

ওই কিশোরীর বাবার অভিযোগ, ‘শুধু আমার মেয়ে নয়, এই হুজুর আগেও এ রকম একাধিক ঘটনা ঘটিয়েছেন। তারা মানসম্মানের ভয়ে মুখ খোলে না। আমার সন্তানের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদে মামলা করেছি।’

চরজব্বর থানার ওসি লুৎফুর রহমান আজ রোববার বলেন, ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তার বাবা মামলা করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তের লোকজন ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়। হামলার ঘটনায় মামলা হয়েছে। জাহাঙ্গীর (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণচেষ্টার ঘটনার আসামি মাওলানা মো. আবুল খায়ের পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×