ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজ

‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবিরের দুই দফা সংঘর্ষ, আহত ১০

‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবিরের দুই দফা সংঘর্ষ, আহত ১০
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ২০:১০

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দুই দফা সংঘর্ষ ঘটেছে। গ্রাফিতি আঁকা ও সেটি নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির জেরে মঙ্গলবার সকাল ও বিকেলে কলেজের সামনে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে কলেজের নির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কলেজ ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গিয়ে সেই গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে তার ওপর ‘গুপ্ত’ শব্দটি লিখে দেন। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডার জেরে মঙ্গলবার সকালে এক দফা সংঘর্ষ ঘটে। পরে কলেজে থমথমে অবস্থা বিরাজ করছিল। এরইমধ্যে বিকেল চারটার দিকে তারা আবার মুখোমুখি হন। এবার তারা লাটিসোটা ও ইটপাটকেল নিয়ে পরস্পরের ওপর চড়াও হন। বেশ কিছু সময় ধরে সংঘর্ষ চলতে থাকে।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন জানিয়েছেন, কলেজের দেয়ালে গ্রাফিতির একটি শব্দ মুছে অন্য একটি শব্দ লেখা নিয়ে ছাত্রদের দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ যেসব ক্লাস এবং পরীক্ষা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, সিটি কলেজে ছাত্রদের দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য কলেজ ক্যাম্পাস ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, কলেজের দেয়ালে আমরা কিছু গ্রাফিতি এঁকেছিলাম। কিন্তু ছাত্রদলের উচ্ছৃঙ্খল কিছু নেতাকর্মী সেখানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা লিখে সেটি নষ্ট করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানালে তারা আমাদের ওপর হামলা করে।

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে সিটি কলেজের দুই ছাত্রের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জেরে বড় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে কলেজ কর্তৃপক্ষ চাইলে দুইপক্ষের ছাত্রদদের ডেকে নিয়ে বিষয়টি মিটমাট করে দিতে পারতেন।

আরও পড়ুন

×