ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্কুল বন্ধ রেখে মেলা পড়াশোনায় বিঘ্ন

স্কুল বন্ধ রেখে মেলা পড়াশোনায় বিঘ্ন
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বন্ধ রেখে মাঠে মেলা বসানো ও সার্কাসের নামে অশ্লীল নৃত্যের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় গুরুতর বিঘ্ন ঘটছে।

জানা গেছে, ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে স্টল বসিয়ে বিভিন্ন পণ্যের দোকান চালু করা হয়। একই সঙ্গে মেলায় সার্কাসের নামে ‘নগ্ননৃত্য’ চলছে বলে অভিযোগ রয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকলেও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিতলা এলাকায় প্রতিবছর চৈত্রসংক্রান্তি উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও একইভাবে বিদ্যালয় মাঠে মেলা বসানো হয়েছে। মেলা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. এরোম বলেন, ‘প্রতিবছরই এখানে ঐতিহ্যবাহী মেলা বসে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে এবারও আয়োজন করা হয়েছে।’
তবে অভিভাবক মো. নুরুল ইসলাম বলেন, ‘মাইক বাজিয়ে বিকট শব্দে গান বাজানো হচ্ছে। এতে ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের বেশি সমস্যা হচ্ছে।’ 
মেলা কমিটির কোষাধ্যক্ষ রিপন মিয়া দাবি করেন, ‘সবাইকে ম্যানেজ করেই মেলা বসানো হয়েছে এবং প্রতিদিন ৫,০০০ টাকা জেলা প্রশাসকের এলআর ফান্ডে জমা হচ্ছে। মেলা চলবে প্রায় ৭ দিন।’ তবে এ মেলা আরও বেশি দিন চলবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যালয় খোলা থাকলেও মেলার কারণে কোনো শিক্ষার্থী আসেনি। ইউপি সদস্যের অনুরোধে মৌখিকভাবে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছি এবং বিদ্যালয় কার্যক্রম বন্ধ রেখেছি।’ অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানা আক্তার বলেন, ‘বিদ্যালয় মাঠে মেলা করতে হলে লিখিত অনুমতির প্রয়োজন, যা নেওয়া হয়নি।’
ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘বিদ্যালয় বন্ধ রেখে মেলা বসানো বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে অফিসে এসে কথা বলার পরামর্শ দেন।
 

আরও পড়ুন

×