ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন
×

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে সড়ক ও জনপথ বিভাগের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৬:৩৪

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা টোল আদায়ের এ প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। 

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। এতে পরিবহন শ্রমিক, পরিবহন মালিক, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে টানা ৩৩ বছর ধরে এ সেতুতে টোল আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক। দীর্ঘদিন ধরে টোল বন্ধের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বক্তারা আরও জানান, বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান ও আন্দোলন কর্মসূচি পালন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল জাতীয় সংসদেও টোল আদায় বন্ধের বিষয়টি উত্থাপন করলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

নতুন করে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। প্রয়োজনে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক শফিক এনায়েতুল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আলমগীর কবির, ট্রাক-ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মনিসহ অন্যরা।

বক্তারা বলেন, এ সেতুটি এই অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। টোল প্রত্যাহার করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙা হবে।
 
 

আরও পড়ুন

×