হাম ও উপসর্গে দৈনিক গড়ে ৭ জনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬-তে। গত ১০০ দিনের হিসাবে দিনে গড়ে প্রায় সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ শিশু। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৮৬।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, হামের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তিনি বলেন, পরিস্থিতি নিজে থেকেই স্বাভাবিক হয়ে যাবে— এমন ধারণা বৈজ্ঞানিক নয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, আগে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১০-এর কাছাকাছি ছিল, যা তিন থেকে চারে নেমে এসেছে। এটি টিকার ইতিবাচক প্রভাবের ইঙ্গিত।
- বিষয় :
- মৃত্যু
