সিংগাইরে মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও জামির্ত্তা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোলাইমান দেওয়ান বিকাশের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এমএ শেখ সোবাহান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তার, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক দেওয়ান, জেলা কৃষক দলের সদস্য আমিনুর মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, সায়েস্তা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আমজাদ হোসেন মৃধা, উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, ওসমান গণি, আব্দুল মুন্নাফ ও নিহতের স্বজন শাহানাজ আক্তার, মাহাবুবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন স্কুলছাত্রীর এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর ২১ জনু সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
- বিষয় :
- মানববন্ধন
