ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: সৈয়দ মো. ফয়সল

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: সৈয়দ মো. ফয়সল
×

মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৈয়দ মো. ফয়সল। ছবি-সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ০১:৩৫

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এটাই প্রত্যাশা। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

গতকাল রোববার সকালে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। একজন দায়িত্বশীল সাংবাদিক দেশের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। 

সৈয়দ মো. ফয়সল বলেন, সংসদীয় এলাকার উন্নয়নে সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয়, তা শতভাগ বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন। উন্নয়ন কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা না থাকে, সে বিষয়ে তিনি সতর্ক রয়েছেন। তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাটবাসী তাকে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই আস্থা রক্ষা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সালমান রহমান প্রমুখ। 
 

আরও পড়ুন

×