গাছে বেঁধে যুবককে ৪৫ সেকেন্ডে ১৪ আঘাত
রাজশাহীতে পাঁচজনের নামে মামলা, গ্রেপ্তার ২
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ মে ২০২৬ | ২১:৩৬
রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের ঘটনায় পাঁচজনের নামে মামলা করেছেন ভুক্তভোগী যুবক তুষার (১৮)। এ ঘটনায় পুলিশ নগরীর বাজে কাজলা বিলপাড়া এলাকার মুজাহিদ ও হৃদয় নামে দুই নির্যাতনকারীকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে।
গত রোববার বাজে কাজলা বিলপাড়া এলাকায় তুষারকে গাছে বেঁধে মারধর করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তাঁকে ৪৫ সেকেন্ডে ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে পেটানোর আগে একজন মোবাইল ফোনে ভিডিও চালু করে বলেন, ‘চালু করে দিয়েছি।’ এরপরই শুরু হয় নির্যাতন। মারধরের সময় তুষার চিৎকার করে বলতে থাকেন, ‘হৃদয়, হৃদয়, হৃদয় ভাইয়া একটু দাঁড়াও ভাইয়া।’ উত্তরে হৃদয় বলেন, ‘আমি দাঁড়ায়ে আছি, লেও।’
মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, তুষার পাঁচজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেছেন। আসামিরা হলেন–আশিক, মাহিন, হৃদয়, মুজাহিদ ও শামীম। এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তুষার অভিযোগ করেন, চোর সন্দেহে তাঁকে পেটানো হয়েছে।
মতিহার জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, ওরা সবাই চোর সিন্ডিকেটের সদস্য। ছোটখাটো চুরি করে। পরে টাকার ভাগ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়।
তুষারের বাবা নাজির আলীর ভাষ্য, একই এলাকার শামীমের বাড়ির পুরোনো জানালার গ্রিলের ছয় টুকরো রড তাঁরই আত্মীয় রাব্বি চুরি করেন। তবে এ ঘটনায় শামীমের ছেলে হৃদয়ের নেতৃত্বে কয়েকজন গত রোববার সকালে তুষারকে খুঁজতে তাদের বাসায় যান। তখন তুষার বাসায় ছিলেন না। পরে তুষার নিজেই শামীমের বাসায় গিয়ে খোঁজার কারণ জানতে চান। তখন শামীম, হৃদয়সহ আরও কয়েকজন তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে পেটান। তাঁকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাছে বেঁধে রাখা হয়।
