ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিনেদুপুরে সড়কে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

দিনেদুপুরে সড়কে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
×

ছবি : সংগৃহীত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৪:১৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক থেকে রিমন মিয়া নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কে গতকাল দুপুরে আড়াইটার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ওই মরদেহ দেখতে পান। নিহত যুবকের নাকের ওপরের অংশে গুলির চিহ্ন রয়েছে। প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিহতের চাচাতো বোনজামাই জয়নাল আবেদিন মরদেহ শনাক্ত করেন।

জয়নাল আবেদিন বলেন, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে সে নরসিংদী বোনের বাড়িতে ছিল। আজ (গতকাল) সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে ফেসবুকে একটি মরদেহের ছবি দেখে আমার স্ত্রী আমাকে জানান। পরে এসে দেখি এটি আমার শ্যালক রিমন। কারা তাঁকে হত্যা করেছে তা বলতে পারছি না।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আবু সাইদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×