টয়লেট-সেপটিক ট্যাঙ্কের দুর্গন্ধে পাঠদান ব্যাহত
তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষা সরকারি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুটি আদর্শ বিদ্যাপিঠ–তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে, সরকারি উচ্চ বিদ্যালয়ের টয়লেট এবং সেপটিক ট্যাঙ্কের দুর্গন্ধে পার্শ্ববর্তী মডেল প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ পর্যন্ত দূষিত হচ্ছে। কঠিন হয়ে পড়েছে পাঠদান। এ নিয়ে বিড়ম্বনায় রয়েছেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের টয়লেটের পশ্চিমের দেয়ালঘেঁষে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদানকক্ষ, বিদ্যালয়ের অফিস কক্ষ এবং এর পাশে প্রথম শ্রেণির পাঠদানকক্ষ রয়েছে। তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের টয়লেটটি নির্মাণাধীন ভবনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। ফলে এটি যথাযথ ব্যবস্থাপনার আওতায় রাখা হয়নি।
বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, যত্ন সহকারে টয়লেট ব্যবহার না করায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালঘেঁষে সেপটিক ট্যাঙ্কের মলমূত্র চারপাশে উপচে পড়ছে। ফলে তীব্র দুর্গন্ধে নাকাল সবাই। শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে। সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বারবার বিষয়টি জানানোর পরেও কোনো পদক্ষেপ নেই। ঠিকাদারের লোকজনকেও বলা হয়েছে একাধিকবার। তারাও আমলে নিচ্ছে না বিষয়টি। এর সঙ্গে শিক্ষার্থীদের সুস্থতার বিষয়টি জড়িত তাই অবহেলার কোনো সুযোগ নেই।
সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের পরিচালক সুলতান মিয়া বলেন, সেপটিক ট্যাঙ্কের মলমূত্রের চারপাশে দুর্গন্ধ প্রতিরোধে তিনি দুইবার কেরোসিন দিয়েছেন। সার্বিক পরিচ্ছন্নতার বিষয়ে তাঁর কিছু করার নেই।
তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিক বলেন, তীব্র দুর্গন্ধের মধ্যে বিদ্যালয়ের পাঠদানের ক্ষেত্রে তারা মহাবিপাকে পড়েছেন। দুর্গন্ধে শিক্ষার্থী-শিক্ষক সবারই বাজে অবস্থা।
বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক লুৎফুর রহমান লাকসাব বলেন, তিনি তিন দিন আগে বিদ্যালয়ে গিয়ে বসেছিলেন প্রধান শিক্ষকের কক্ষে। দুর্গন্ধের কারণে বেশিক্ষণ থাকতে পারেননি।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রওশনআরা বেগম বলেন, তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালঘেঁষে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাঙ্কের মলমূত্র চারপাশে উপচে পড়ছে। যার
ফলে তীব্র দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে
পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষকদের শ্রেণি কার্যক্রম শেষে অফিসকক্ষে বসে থাকা কঠিন
হয়ে পড়েছে।
তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল হোসাইন বলেন, দুই সপ্তাহ আগে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক এ বিষয়ে জানানোর পর তিনি নির্মাণ শ্রমিকদের পরিচালক সুলতান মিয়াকে টয়লেটের চারপাশে ফিনাইল জাতীয় জীবাণুনাশক ছিটানোর এবং আলাদা রিং ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সেগুলো না হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- প্রাথমিক বিদ্যালয়
