রাজবাড়ী পৌরসভা
কর কমানোসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি
ছবি: সংগৃহীত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৪:৪৩
রাজবাড়ী পৌরসভার ধার্য কর কমানোসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক কমিটি। গতকাল সোমবার সংগঠনের নেতারা জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি দেন।
সংগঠনের সভাপতি জ্যোতি শংকর ঝন্টু ও সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি রাজবাড়ী পৌরসভা নাগরিকদের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। যা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি, তাদের সাংসারিক খরচ বা আয়-ব্যয়ের সঙ্গে কোনোক্রমেই সংগতিপূর্ণ নয়।
এতে আরও বলা হয়, একটু বৃষ্টি হলেই রাজবাড়ী বাজারে পানি জমে যায়। এতে ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বাজারে ড্রেনেজ ব্যবস্থা মোটেই ভালো নয়। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে করে মশা-মাছির উপদ্রব বাড়ছে। ময়লা-আবর্জনার কারণে রোগ-জীবাণু ছড়াচ্ছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসক না থাকায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জেলার ১২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল রাজবাড়ী সদর হাসপাতাল। সেখানে দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসক নেই। এতে করে চোখের সমস্যায় ভুক্তভোগী রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে গরিব রোগীরা আরও বেশি ভোগান্তি পোহাচ্ছে। এ ছাড়া হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার স্থাপন করা হয়নি। এতে করে অন্যদের মাঝেও এ রোগ ছড়াতে পারে। হামের যথাযথ চিকিৎসার পাশাপাশি টিকা প্রদান করাও একান্ত প্রয়োজন।
একই সঙ্গে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধান ভোগান্তি ছাড়াই সরাসরি বিক্রি করতে পারেন এ দাবিও করা হয়েছে স্মারকলিপিতে। বলা হয়, কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান ক্রয় করছে এটি ভালো উদ্যোগ। কিন্তু এ জেলার গরিব কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি বিক্রি করতে পারছেন না। দরিদ্র প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধান সহজভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিক্রি করতে পারেন– এ ব্যাপারে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন স্মারকলিপি গ্রহণ করে তা সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রাজবাড়ী
