বার্ষিক প্রতিবেদন
চট্টগ্রামে প্রতি ৬ জনে ১ জন ব্র্যাকের সেবা পেয়েছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:৪৬
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিভাগে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের আওতায় ২৭ লাখ ৮০ হাজার মানুষ আর্থিক সেবা পেয়েছেন। ১৪ লাখ ১৩ হাজার ৯৬৫ জন সদস্যের মধ্যে ৮৯.৮ শতাংশ নারী। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন কর্মসূচির আওতায় প্রতি ছয়জনে একজন মানুষ ব্র্যাকের সহায়তা পেয়েছেন।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে জানানো হয়, অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, নারী ও পুরুষের সমঅধিকার এবং সামাজিক ব্যবসা উদ্যোগসহ সার্বিক ক্ষেত্রে আগামী পাঁচ বছরে ব্র্যাক সারাদেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. নাজিমুল হক, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান, পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, ড. জিনবোধি ভিক্ষু, প্রফেসর মিজানুর রহমান, উইম্যান চেম্বারের সহসভাপতি সুলতানা নুরজাহান রোজী প্রমুখ। আলোচনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ। ব্র্যাকের সমন্বিত কর্মসূচির সিনিয়র ম্যানেজার আঞ্জুমান আরা বেগম চট্টগ্রাম বিভাগে ২০২৫ সালে ব্র্যাকের কর্মসূচিগুলো তুলে ধরেন।
ব্র্যাক প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বিভাগে ব্র্যাকের মাধ্যেম আট হাজার ৫০৭টি অতি-দরিদ্র পরিবার আর্থিক সহায়তা পেয়েছে। ১০ হাজার ৩৯৪টি পরিবার অতিদারিদ্র্য থেকে ঘুরে দাঁড়িয়েছে। দুই লাখ তিন হাজার ৮২২ জন স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সেবা পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন কার্যক্রমের আওতায় সহায়তা পেয়েছেন বিপুল সংখ্যক মানুষ।
- বিষয় :
- চট্টগ্রাম
