মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক
মাকে হত্যাকারী রাকিব
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:০২
চাঁদপুর সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে জান্নাত বেগম (৪৫) নামে এক মাকে হত্যার অভিযোগে তার ছেলে মো. রাকিবকে (২২) আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, নিহত জান্নাত বেগমের স্বামী আব্বাস খান দ্বিতীয় বিয়ে করে টাঙ্গাইলের মধুপুরে বসবাস করছেন। প্রায় দেড় বছর ধরে জান্নাত বেগমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এদিকে রাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি মায়ের ওপর নির্যাতন চালাতেন। ঘটনার রাতে মায়ের কাছে টাকা দাবি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব কাঠের টুকরো দিয়ে মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান জান্নাত বেগম।
নিহতের ছোট ছেলে রিফাত জানান, তার ভাই রাকিব লাঠি দিয়ে মাকে আঘাত করেন এবং ওই আঘাতেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, পরদিন সকালে রাকিব বাড়িতে ফিরে অসুস্থতায় মায়ের মৃত্যুর নাটক সাজিয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে আটক করে। নিহতের ভাই ইলিয়াস খান ও স্থানীয়রা সঠিক তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। তিনি জানান, অভিযুক্ত রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
