ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যু
×

সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২০:৪২

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন শিক্ষিকা। এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা যায় এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকার নাম উম্মে কুলসুম (৪৮)। তিনি বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৪)। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত মমতাজ খাতুন (৫৫) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

জানা যায়, শিক্ষিকা উম্মে কুলসুম ও মমতাজ খাতুন অটোরিকশায় করে বোর্ড পরীক্ষার খাতা নেওয়ার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কের চাকরাইল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের ভ্রাম্যমাণ গাড়ির সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই শিক্ষিকা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। সহকারী শিক্ষিকা মমতাজ বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আরা সহপাঠীদের সঙ্গে হাসপাতালে যায়। সেখানে মরদেহ দেখার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসনিম উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম চৌধুরীর মেয়ে।

আবুল কালাম চৌধুরী বলেন, ‘ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখে আমার মেয়ে হাসপাতালে যায়। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে জানতে পারি মেয়েও আর নেই।’

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামিন ইয়াসার বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। শিক্ষার্থী তাসনিম আরার মৃত্যু হয় হাসপাতালে। ধারণা করছি, আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিষ্কের রক্ত চলাচল ব্যাহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’

লাবণ্যপ্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষিকা উম্মে কুলসুম ও শিক্ষার্থী তাসনিম আরার মৃত্যুতে আমরা সবাই বাক্‌রুদ্ধ। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ধান মাড়াই মেশিনের ভ্রাম্যমাণ গাড়ি ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি বলেন, ‘শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সড়কে ধান-খড় শুকানো বন্ধে জনসচেতনতা বাড়াতে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×