নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ১
ফাইল ছবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৭:০৭ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৭:০৭
নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাতে এস্কেন আলী ভোলা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর সুপার ইটভাটায় এই ঘটনা ঘটে। আহত শাপলা খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বজ্রপাতে নিহত এস্কেন আলী ভোলা বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সুপার ইটভাটায় এস্কেন আলী ভোলা ও শাপলা খাতুন কাজ করছিলেন। এ সময় আকাশে কালো মেঘে ছেয়ে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হলে এস্কেন আলী ভোলা ও শাপলা খাতুন গুরুতর আহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকরা এসে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এস্কেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লালপুর থানার ওসি (তদন্ত) এস এম সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এস্কেন আলী ভোলার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
- বিষয় :
- নাটোর
- বজ্রপাতে মৃত্যু
- শ্রমিকের মৃত্যু
