গুলিয়াখালী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে ভেসে গেলেন পর্যটক
সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকত। ছবি: সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২৩:২৭
চট্টগ্রাম সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গেল এক পর্যটক। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন।
নিখোঁজ পর্যটক হলো মো. রিফাত শেখ (১৬)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে রিফাত গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। একপর্যায়ে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামে। এ সময় তারা ডুবে যেতে থাকে। এ দৃশ্য স্থানীয়রা দেখে দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেন। কিন্তু চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও রিফাত এখনও নিখোঁজ। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও তা খোঁজ মেলেনি।
এদিকে সন্ধ্যায় সাগর উত্তাল হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। আগামীকাল রোববার ভোর ৫টার দিকে ডুবুরি দল আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সানজিদ, হাসান, সুমন ও জসিম বলেন, তারা সাঁতার কাটতে যাওয়ার আগে স্থানীয়রা তাদেরকে নিষেধ করেছিল ওই স্থানে না যাওয়ার জন্য। কিন্তু তারা স্থানীয়দের কথা না শুনে সাঁতার কাটতে গিয়ে বিপদে পড়ে। যখন তারা ডুবুডুবু অবস্থায় তখন স্থানীয়রা চারজনকে উদ্ধার করে। কিন্তু রিফাত জোয়ারে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এর আগেও ওই স্থানে বেশ কয়েকজন পর্যটক নিহত হয়েছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বলেন, উদ্ধার হওয়া চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- সমুদ্রসৈকত
- পর্যটক
- নিখোঁজ
- ফায়ার সার্ভিস
