ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালত চত্বরে গুলি: দুই মামলায় আসামি ১৩

আদালত চত্বরে গুলি: দুই মামলায় আসামি ১৩
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:০৭

কক্সবাজার জেলা আদালত চত্বরে গুলির ঘটনায় দ্রুত বিচার আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার বাদী ঝিলংজা ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত আলী। এ মামলায় গ্রেপ্তার জিয়াউল হক জিকুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জিয়াউল হক জিকু কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার আবদুল গণির ছেলে। অপর আসামিরা লিংক রোড এলাকার বাসিন্দা। তারা হলেন মাহামুদুল হক, আবদুল খালেক, সাহাবউদ্দিন, শামশুউদ্দিন ও মো. জসিম উদ্দিন। এজাহারে লিয়াকত আলী উল্লেখ করেন, অপরাধের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে।

অন্যদিকে অস্ত্র আইনে দায়ের করা মামলার বাদী কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. রুহুল আমিন। এ মামলাতেও প্রধান আসামি করা হয়েছে গ্রেপ্তার জিয়াউল হক জিকুকে। এছাড়া সাতজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন-মোহাম্মদ জাহেদ, মো. মেহেদী, সামসুল আলম বাপ্পী, রহিম, গিয়াস উদ্দিন ও দেলোয়ার হোসেন।

জানা গেছে, গত রোববার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহযোগীদের নিয়ে আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় লিয়াকত আলী ও তার চাচাতো ভাই মোহাম্মদ মঈন উদ্দিন আহত হন। পরে মঈন উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় উভয় পক্ষের কয়েকজনের হাতে অস্ত্র ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×