ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
×

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম ব্যুরো ও আনোয়ারা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০২:২৮

চট্টগ্রামের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল করেন। এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই দিন সকাল ৮টার দিকে আনোয়ারার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায় ঝটিকা মিছিল করা হয়।
জিইসি মোড়ের অদূরে ওমরগণি এমইএস কলেজ। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, যারা মিছিলটি বের করেছেন তারা নিষিদ্ধ ছাত্রলীগের এই কলেজ শাখার নেতাকর্মী। তাদের হাতে থাকা ব্যানারেও লেখা ছিল– ‘এমইএস কলেজ ছাত্রলীগ শাখা’।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্যপাশে সানমান ওশান সিটি শপিংমলের কাছ থেকে মিছিলটি বের করা হয়। সেখান থেকে মিছিলটি নিয়ে জিইসি মোড়ের দিকে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, জিইসি মোড় এলাকায় একটি মিছিল বের করা হয়েছে, এমন খবর জানার পর পুলিশের একটি টিমকে দ্রুত সেখানে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অবশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। যারা মিছিলে অংশ নিয়েছেন, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, কিছু তরুণ দল ও দলীয় নেতাদের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করছেন। তবে দ্রুত তারা সেখান থেকে চলে যান। 

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মিছিলের বিষয়টি আগে শুনিনি। একটি ভিডিও আমাদের নজরে আসার পর আমরা খোঁজ নিচ্ছি, এটি আনোয়ারায় করা হয়েছে কিনা? যদি আনোয়ারায় করা হয় তাহলে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×