চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা
১৪ দিনেই আদালতে চার্জশিট দিল পুলিশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:১০
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় চার বছরের শিশু ধর্ষণ মামলার ১৪ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর আদালতে চার্জশিট জমা দেয় বাকলিয়া থানা পুলিশ। মামলার একমাত্র আসামি মনির হোসেন ডেকোরেশন কর্মী। শিশু ধর্ষণ মামলায় এত দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নজির এই প্রথম।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মনির হোসেন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামির জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, মেডিকেল রিপোর্টসহ সব তথ্য-উপাত্ত সংগ্রহ করে মাত্র দুই সপ্তাহের মধ্যে চার্জশিট তৈরি করা হয়।
গত ২১ মে চট্টগ্রাম মহানগর পুলিশের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডে নানির বাসায় দুপুরের খাবার খেয়ে বাইরে খেলতে যায় ওই শিশু। তাকে চিপসের লোভ দেখিয়ে পাশের একটি গুদামে নিয়ে ধর্ষণ করেন মনির। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে নানা-নানিকে ঘটনা বলে দেয়। তারা গিয়ে গুদাম থেকে মনিরকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ জড়ো হয়ে মনিরকে মারধর করতে চায়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যেতে চায়। তখন উত্তেজিত জনতা মনিরকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশকে অবরুদ্ধ করে। পরে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পরদিন ২২ মে থানায় মামলা করেন। মাত্র দুই সপ্তাহের মাথায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করল।
- বিষয় :
- মামলা
